গাজীপুরের টঙ্গীতে সেহরি রান্নার প্রস্তুতি চলাকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়েছেন মিজানুর রহমান (১৮) নামের এক তরুণ। শনিবার ভোর রাতে টঙ্গীর ৪৮ নং ওয়ার্ডের দত্তপাড়া জহির মার্কেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে পরিবারের সদস্যদের জন্য সেহরি রান্না শুরু করেছিলেন মিজানুর। হঠাৎ রান্নাঘরে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় মিজানুর রহমান ঘরের ভেতরেই গুরুতরভাবে দগ্ধ হন। তার চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।
তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা গুরুতর আহত মিজানুরকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন জানান, মিজানুরের শরীরের প্রায় ৬০ ভাগ দগ্ধ হয়েছে এবং তার অবস্থা অত্যন্ত গুরুতর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রিপোর্টারের নাম 






















