সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দোলপূর্ণিমা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দোল উৎসব। গত শুক্রবার (৬ মার্চ) শহরের সবুজবাগ এলাকায় হাজারো সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় মিলনমেলায়। আবির খেলা ও নানা ধর্মীয়-সাংস্কৃতিক আয়োজনে দিনভর মুখরিত ছিল পুরো এলাকা।
‘সবুজবাগ দোল পূজা উদযাপন পরিষদ’-এর আয়োজনে বেলা সাড়ে ১২টার দিকে ঐতিহ্যবাহী হাড়ি ভাঙার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। আবির উৎসব বা রঙের খেলা হিসেবেও পরিচিত এই আয়োজনে দিনভর ছিল নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি।
উৎসবে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবুজবাগ এলাকা ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল নগর সংকীর্তন, ধামাইল, নাচ-গান, হোলি খেলা এবং ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এসব সাংস্কৃতিক আয়োজন উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
উৎসবে যোগ দিতে আসা রিতু ভৌমিক বলেন, “সবুজবাগে প্রতি বছরই বড় পরিসরে দোল উৎসবের আয়োজন করা হয়। এদিন সবাই একত্রিত হয়ে রঙের আনন্দে মেতে ওঠেন এবং মিলেমিশে উৎসব উদযাপন করেন।”
আরেক অংশগ্রহণকারী শ্রাবণী তালুকদার জানান, “দোলপূর্ণিমা উপলক্ষে প্রতি বছরই এখানে দোল উৎসবের আয়োজন করা হয়। ছুটির দিন হওয়ায় এবার শুক্রবারে আয়োজন করা হয়েছে। সবাই মিলে রঙ খেলছি, নাচ-গান আর আনন্দে সময় কাটাচ্ছি।”
সবুজবাগ দোল পূজা উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক পিয়াস দাশ বলেন, “এ বছর ষষ্ঠবারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দোল উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করে।” তিনি আরও যোগ করেন, “সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবারের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে এবং সবার সহযোগিতা ও অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”
রিপোর্টারের নাম 






















