চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার-বোয়ালিয়া সড়কের একটি জনগুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে। গত বুধবার এই ঘটনা ঘটায় নলুয়া, উপাদী, বহরী, বোয়ালিয়া, নবকলস শান্তিনগরসহ প্রায় ২০টি গ্রামের হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারমুখী মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের মতে, মতলব সদর থেকে উপজেলার দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। বোয়ালিয়া বাজার সংলগ্ন এই সেতুটি গত কয়েক বছর ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি ভগ্নদশায় পরিণত হয় এবং গত বুধবার এর একটি বড় অংশ ভেঙে নিচে পড়ে যায়, যার ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন ও ফয়সাল আহমেদ জানান, তাদের এলাকায় দুটি উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, বাজার, ডাকঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেতে এই সেতুটি ব্যবহার করতে হয়। সেতু ভেঙে যাওয়ায় তাদের স্কুলে যাতায়াতে মারাত্মক অসুবিধা হচ্ছে। স্থানীয় বাসিন্দা জান্নাত আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা সদরে যাওয়ার এই গুরুত্বপূর্ণ সড়কের সেতুটি ভেঙে যাওয়ায় এখন যান চলাচল সম্পূর্ণ বন্ধ। তিনি দ্রুত মেরামতের দাবি জানান।
বহরী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, বোয়ালিয়া বাজারের পশ্চিম দিকের এই সেতুটি অনেক দিন ধরেই যানবাহন চলাচলের অনুপযোগী ছিল। সেতুর মাঝখানে ভেঙে নিচে পড়ে যাওয়ায় পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি দ্রুত সেতুটি সংস্কারে পৌর প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কেএম ইশমাম সেতু ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনগণের সুবিধার্থে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
রিপোর্টারের নাম 





















