সিলেটের ওসমানীনগরে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত চাঞ্চল্যকর ‘সৌরভ’ হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৬ মার্চ) র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রুহেল আহমদ (৩০), রাসেল আহমদ (২৩) ও রাহেল আহমদ (২৫)। তারা প্রত্যেকেই ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের তিলাপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি বিকেলে স্থানীয় জামতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে উত্তর তিলাপাড়া জামে মসজিদের পশ্চিম পাশে পূর্ব থেকে ওত পেতে থাকা আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া সৌরভ (২৪)-এর ওপর হামলা চালায়। নিহত সৌরভের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত সৌরভকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। একই দিন সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা সদর কোতয়ালি থানার আমতলী এলাকায় পৃথক অভিযানে মামলার প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 























