টাঙ্গাইলের মির্জাপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহিদুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের সৈয়দপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুর রহমান টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার ইসকান্দার আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে গোড়াই ইউনিয়নের সৈয়দপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সোজাসুজি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুর রহমান গুরুতর আহত হয়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাদিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টারের নাম 

























