কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রমিজ উদ্দিন (৪০)। তিনি উপজেলার চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে এক ব্যক্তিকে একটি গরুসহ ঘোরাফেরা করতে দেখেন নদের তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকেরা। তাদের সন্দেহ হলে তারা ওই ব্যক্তিকে আটক করেন।
চরফরাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম জানান, গরুচোর সন্দেহে একজন ব্যক্তিকে আটক করার খবর দ্রুত স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হতে শুরু করে। একপর্যায়ে উত্তেজিত জনতা আটক ব্যক্তিকে নির্মমভাবে মারধর শুরু করে। গণপিটুনির শিকার হয়ে রমিজ উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এছাড়া, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গরুটি থানা হেফাজতে রাখা হয়েছে, যার মালিকের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টারের নাম 

























