দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে আপসহীন নেতৃত্ব ও অসামান্য সংগ্রামের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ ক্যাটাগরিতে এই সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয় এই ঘোষণা প্রদান করে। আগামী ৮ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অদম্য নেতৃত্ব এবং দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করতে তার নিরবচ্ছিন্ন অবদানের কথা বিবেচনা করে এই সম্মাননা দেওয়া হচ্ছে।
প্রতি বছরের মতো এবারও পাঁচটি বিশেষ ক্যাটাগরিতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জনকারী নারীদের ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার পাশাপাশি আরও পাঁচজন নারী নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য এই পুরস্কারে মনোনীত হয়েছেন।
তাদের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বিতা অর্জনে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও কর্মসংস্থান খাতে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন এবং সফল জননী হিসেবে নুরবানু কবীরকে এই সম্মাননা প্রদান করা হবে। এছাড়া নির্যাতনের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে নতুন করে জীবন সংগ্রামে জয়ী হওয়ার স্বীকৃতি হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় মোছা. আফরোজা ইয়াসমিনকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























