মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার (৫ মার্চ) সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ হুমকি দেন তিনি।
ইরানের সর্বোচ্চ এ কূটনীতিক পোস্টে লেখেন, “মি. প্রেসিডেন্ট, আপনার দ্রুত সামরিক বিজয়ের জন্য প্ল্যান ‘এ’ ব্যর্থ হয়েছে। আপনার প্ল্যান ‘বি’ হবে আগের তুলনায় আরও খারাপ।”
তেহরানের সঙ্গে ইউনিক চুক্তির সম্ভাবনা একবারেই শেষ হয়ে গেছে বলে জানান আরাঘচি। লেখেন, “ইসরায়েলের প্রথম মানে আমেরিকার লাস্ট।”
এদিকে, এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, “ইরান যুদ্ধবিরতি চায় না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনও কারণ দেখছি না। আমরা তাদের সঙ্গে দু’বার আলোচনা করেছি, আর প্রতিবারই তারা আলোচনার মাঝখানে আমাদের ওপর আক্রমণ করেছে।”
ইরান হরমুজ প্রণালি বন্ধ করেনি দাবি করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জাহাজ ও ট্যাংকারগুলো সেখান দিয়ে যেতে চাচ্ছে না। প্রণালি বন্ধ করার পরিকল্পনা এখন আমাদের নেই। তবে, যদি যুদ্ধ চলতে থাকে তাহলে আমরা সেটি করতে পারি।”
অন্যদিকে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বাহরাইনের তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাহরাইন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে বলছে, আমাদের প্রধান তেল শোধনাগার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সেখানে আগুন লেগেছে।
বাহরাইনের ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পর বাপকো এনার্জিস রিফাইনারিতে আগুন লাগে। সেখানে অগ্নি নির্বাপণে কাজ চলছে এবং হতাহতের কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 






















