ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘বিধ্বংসী ও নির্ণায়ক’ জয় পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই যুদ্ধে কোনও ‘দয়া’ দেখানো হবে না এবং ইরান এখন পুরোপুরি বিধ্বস্ত।
হেগসেথ জানান, অভিযানের মাত্র চার দিন অতিবাহিত হলেও যুদ্ধের সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে এবং আরও মার্কিন সেনা রণক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী, জয় নিশ্চিত করতে আমরা যতটুকু সময় প্রয়োজন ঠিক ততটুকুই নেব। এই অভিযানের ফলাফল এখন পর্যন্ত অবিশ্বাস্য।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের সঙ্গে যুক্ত হওয়ায় এটি একটি ‘বিধ্বংসী সক্ষমতাসম্পন্ন’ শক্তিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সম্মিলিত শক্তি আমাদের কট্টর ইসলামপন্থি ইরানি প্রতিপক্ষদের জন্য নিছক ধ্বংসই বয়ে আনবে।”
ইরানের বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে হেগসেথ বলেন, ইরান এখন ‘পুরোপুরি বিধ্বস্ত’ এবং তারা সেটা জানে। অথবা খুব শিগগিরই তারা তা টের পাবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি সক্ষমতা খুঁজে বের করা এবং তা গুঁড়িয়ে দেওয়ার প্রক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘মাত্র শুরু করেছে’।
রিপোর্টারের নাম 























