ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করার সময় শনাক্ত করা হয়। এরপর ভূমধ্যসাগরের পূর্ব অংশে মোতায়েন করা ন্যাটোর ইউনিটগুলো সেটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে তা ভূপাতিত করে।
ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ সিরিয়া সীমান্ত সংলগ্ন তুরস্কের হাতায় প্রদেশের একটি জেলায় পড়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আঙ্কারা।
ঘটনার পর দেওয়া বিবৃতিতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমাদের ভূখণ্ড এবং আকাশসীমা রক্ষায় প্রতিটি পদক্ষেপ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং কোনও দ্বিধা ছাড়াই নেওয়া হবে।’
ভবিষ্যতে যেকোনও প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা সব পক্ষকে মনে করিয়ে দিতে চাই যে, আমাদের দেশের বিরুদ্ধে যেকোনও শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার আমাদের সংরক্ষিত রয়েছে।’
এর আগে আঞ্চলিক দেশগুলোর ওপর ইরানের সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইরান সম্প্রতি ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানে হামলা চালিয়েছে। তেহরানের এই সিদ্ধান্তকে ‘চরম ভুল কৌশল’ হিসেবে অভিহিত করেছেন ফিদান।
সূত্র: এপি
রিপোর্টারের নাম 

























