মুন্সীগঞ্জের লৌহজংয়ে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে এবং বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) এবং শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিক থেকে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করছিল সাগর ও ছানারুল। এ সময় স্থানীয় জনগণ তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে।
খবর পেয়ে লৌহজং থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তারা মারা যান।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 

























