পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়ানগর’ ঘোষণা করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলা বিএনপির আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রাণকেন্দ্র জিয়ানগর বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন এবং দলীয় প্রধান তারেক রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন—বাংলাদেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে হবে। কারা আমাকে ভোট দিয়েছেন আর কারা দেননি, সেটি বড় বিষয় নয়। সবাই যেন স্বাধীনভাবে ভোট দিতে পেরেছেন, সেটিই আমাদের সাফল্য।
তিনি আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আমি এবং বিএনপি সেটি মেনেই রাজনীতি করি। দেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা নেতার নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি।
পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক ও ভাইস-চেয়ারম্যান মো. ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন, যুবদল সভাপতি আতিকুর রহমান, সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলু, ছাত্রদলের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম, শ্রমিক দল সভাপতি আবুল কালাম, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল রানা, ছাত্রদল নেতা সাদিকুল ইসলাম, সাইমুন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৪ সালে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকার পুনরায় ইন্দুরকানী নাম বাদ দিয়ে জিয়ানগর উপজেলা নাম পুনর্বহাল করে।
২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপসচিব হেলেনা পারভিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত আদেশ জারি করা হয় বলে দেখা যায়।
রিপোর্টারের নাম 
























