ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়ার ঘটনায় অবশেষে শোক প্রকাশ করেছে বাংলাদেশ। প্রাথমিক নীরবতা এবং সমালোচনার মুখে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক আইন ও রীতি লঙ্ঘন করে খামেনিকে লক্ষ্যবস্তু বানিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ ‘মর্মাহত’।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার ইরানের ভ্রাতৃপ্রতীম জনগণের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা জানাচ্ছে। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান আসতে পারে না। কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যের মাধ্যমেই যেকোনো বিরোধ নিষ্পত্তি সম্ভব।
এর আগে গত রোববার মধ্যপ্রাচ্যের ‘কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের’ নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ওই বিবৃতিতে ইরানে হামলা চালিয়ে খামেনিকে হত্যার সুনির্দিষ্ট কোনো উল্লেখ ছিল না, যা দেশের ভেতরে ও আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার কন্যা, জামাতা এবং নাতিও প্রাণ হারান। এই ঘটনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
রিপোর্টারের নাম 



















