বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শনিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, র্যালি, দোয়া মাহফিল এবং গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে দলটি। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষায় এনসিপি ভবিষ্যতেও সোচ্চার থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে নগরীর জিলা স্কুল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই ৩৬ চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা, মহানগর ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পরে জুলাই ৩৬ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন। সভায় যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, মাহফুজুর রহমান, পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন মিমুল, কাউনিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, সদর উপজেলার সাবেক প্রধান সমন্বয়কারী তৌহিদুল ইসলাম সাদ্দাম, বদরগঞ্জের মাসুদ রানা প্রামানিক, তারাগঞ্জের মোতাসিম বিল্লাহ স্বপন, গংগাচড়ার চৌধুরী, জেলার যুগ্ম সদস্য সচিব এ এস মজনু এবং শেখ রেজওয়ান প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠার পর গত এক বছরে এনসিপি জনগণের অধিকার আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করেছে। একইসঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দলটি। বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার রক্ষায় এনসিপি ভবিষ্যতেও জোরালো ভূমিকা পালন করবে। দেশের কল্যাণ ও জনগণের অধিকার আদায়ে দলটি সর্বদা সজাগ থাকবে।
তারা সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রংপুরের পাগলাপীরে অবস্থিত বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দকে গণসংবর্ধনা প্রদান করা হয়। একইসাথে সেখানে একটি ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়, যেখানে জেলা, মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























