ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেন, স্বচ্ছতার পথ অনুসরণ করেই বিচার বিভাগের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনজীবীদের স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারণ বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়টি সমান গুরুত্বের দাবি রাখে। একই সঙ্গে বিচার বিভাগের সামগ্রিক উন্নয়ন ও ভালো-মন্দের দিকে নজর রাখা সরকারের নৈতিক দায়িত্বের অংশ।
দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, সরকারপ্রধান বিচার বিভাগের স্বাধীনতা ও এর নিজস্ব গতিতে চলার পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় মন্ত্রী আশা প্রকাশ করেন যে, বিচারকরাও তাদের ওপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে পালন করে যাবেন।
প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, যে প্রতিষ্ঠানে আমরা কর্মরত, তার প্রতি যথাযথ শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা আবশ্যক। প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে না পারলে তা একসময় অস্তিত্ব সংকটে পড়তে পারে। তাই বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 
























