ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবেদনের প্রেক্ষিতে ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ এই তিনটি আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সংশ্লিষ্ট যাবতীয় নথি নিজেদের হেফাজতে নিতে নির্দেশ দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল এই নির্দেশনা জারি করে। এর আগে জামায়াতে ইসলামী উল্লেখিত তিনটি আসনে ভোট জালিয়াতির অভিযোগ এনে ট্রাইব্যুনালে আবেদন করে।
গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। একই দিনে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন। তবে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় এখনো দু’টি আসনের ফলাফলের গেজেট জারি করা হয়নি।
রিপোর্টারের নাম 




















