ঝালকাঠির রাজাপুরে রাজনৈতিক প্রতিহিংসার জেরে তিন নারীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে। নির্বাচনে জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট দেওয়াকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঝালকাঠি আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজাপুরের মৃত নাজেম আলী মুন্সির পরিবারের সঙ্গে মৃত আব্দুল বয়াতী ও সুফিন কাজীর সন্তানদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। অভিযোগ উঠেছে, সাম্প্রতিক নির্বাচনে বিএনপি জয়লাভের পর সেই বিরোধ রাজনৈতিক রূপ নেয়। নাজেম আলী মুন্সির স্ত্রী সুফিয়া বেগম এবং তার দুই মেয়ে মরিয়ম ও তাছলিমা বেগম নির্বাচনে জামায়াতের পক্ষে অবস্থান নেওয়ায় তাদের ওপর ক্ষুব্ধ হয় প্রতিপক্ষ। এরই সূত্র ধরে স্থানীয় বিএনপি নেতা মনির কাজী ও জাকির কাজীর নেতৃত্বে একদল হামলাকারী ওই তিন নারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সুমনা, ফাহিমা ও হাসিনাসহ আরও কয়েকজন অংশ নেন বলে জানা গেছে।
হামলার একপর্যায়ে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে সুফিয়া ও তাছলিমাকে ছেড়ে দিলেও আঘাত গুরুতর হওয়ায় মরিয়ম বেগমকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এদিকে অভিযুক্ত বিএনপি নেতা মনির কাজী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, “আমার বিরুদ্ধে তোলা সব অভিযোগ ভিত্তিহীন। মূলত পুরনো জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই সাজানো অভিযোগ আনা হয়েছে।”
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় আদালতের নির্দেশে বা লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
রিপোর্টারের নাম 






















