রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থান ও গণভোটের মধ্য দিয়ে অর্জিত জনআকাঙ্ক্ষার ফসল। তাই জুলাই সনদের নির্দেশনা এবং গণভোটের মাধ্যমে প্রতিফলিত জনরায় বাস্তবায়নে ব্যর্থ হলে সাধারণ মানুষ এই সরকারের পাশে থাকবে না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কাউনিয়ার মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১টি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন অভিযোগ করে বলেন, নির্বাচনের পরবর্তী সময়ে বিএনপির একাংশের নেতাকর্মীরা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এছাড়া তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকেও বিরত থেকেছেন। তিনি স্পষ্ট করে বলেন, গণভোটে জনগণের যে নিরঙ্কুশ সমর্থন প্রকাশ পেয়েছে, তা নিয়ে কোনো ধরনের টালবাহানা বা ছিনিমিনি খেলা সাধারণ মানুষ মেনে নেবে না।
কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনস্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 






















