কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মিয়ানমারে অবৈধভাবে এই সিমেন্ট পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানা গেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের দুটি জাহাজ ‘কামরুজ্জামান’ এবং ‘অপূর্ব বাংলা’ পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে, মঙ্গলবার রাত ১টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে। এসময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১০০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একইসাথে পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।
পরবর্তীতে, রাত ৩টার দিকে একই এলাকায় কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ আরেকটি অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত ৮ জন পাচারকারীকেও আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, দেশের সীমান্তরক্ষী বাহিনী পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও তাদের এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।
রিপোর্টারের নাম 






















