ব্যাংককের মাঠে আজ রাইজিং স্টার্স উইমেন্স এশিয়া কাপের শিরোপা জয়ের লক্ষ্যে শক্তিশালী ভারত ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। দুপুর ১টায় শুরু হতে যাওয়া এই ফাইনাল ম্যাচটি দুই অপরাজিত দলের শ্রেষ্ঠত্বের লড়াই হিসেবেই দেখা হচ্ছে। গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ, সেখানে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, ভারতও নিজেদের গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপার মঞ্চে পা রেখেছে।
লাল-সবুজের প্রতিনিধিরা টুর্নামেন্টজুড়ে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে। প্রতিটি ধাপেই নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে তারা ফাইনালে এসেছে। শিরোপার হাতছানি এখন তাদের সামনে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সেরা বোলার সানজিদা আক্তার মেঘলা বলেন, “আমরা দল হিসেবে পারফর্ম করার কারণেই এতদূর আসতে পেরেছি। ভারতের বিপক্ষেও আমরা দল হিসেবে খেলতে চাই, যেন দলের প্রয়োজনে সবাই নিজেদের সেরাটা দিতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।”
ফাইনালের আগে বাংলাদেশ ‘এ’ দলের জন্য ব্যাটিং কিছুটা চিন্তার কারণ হতে পারে। ওপেনিং জুটি ভালো শুরু দিলেও, মাঝের ও শেষের দিকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে হিমশিম খেতে দেখা গেছে। ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ফাহিমা খাতুন, ইসমা তানজিমদের এই দুর্বলতা কাটিয়ে ওঠা জরুরি। তবে, বরাবরের মতোই বাংলাদেশের প্রধান শক্তি তাদের বোলিং বিভাগ। পুরো টুর্নামেন্টজুড়ে স্পিনাররা দুর্দান্ত পারফর্ম করেছেন। অধিনায়ক ফাহিমা খাতুন এবং সানজিদা আক্তার মেঘলা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছেন। ফাইনালেও তাদের কাছ থেকে একই ধারাবাহিকতা প্রত্যাশা করছে দল।
অন্যদিকে, ভারত ‘এ’ দলও নিজেদের ব্যাটিং শক্তিমত্তা প্রমাণ করেছে। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একবারই আগে ব্যাট করেছে, যেখানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৩০ রান করেছিল। বাকি তিনটি ম্যাচেই তারা রান তাড়া করে জয় তুলে নিয়েছে। তাই ভারতের ব্যাটারদের রান আটকানোই হবে বাংলাদেশের বোলারদের মূল চ্যালেঞ্জ।
এই ফাইনাল ম্যাচটি বাংলাদেশের জন্য কেবল শিরোপা জয়ের সুযোগ নয়, এটি এক অর্থে প্রতিশোধেরও মঞ্চ। গত বছর হংকংয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের আগের আসরে ভারত ‘এ’ দলের কাছে ৩১ রানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ ফাহিমা খাতুনের দলের সামনে। অতীতের ভুল শুধরে নিয়ে এবার কি শিরোপা হাতে তুলতে পারবে বাংলাদেশের বাঘিনীরা? উত্তর মিলবে আজকের ব্যাংককের মাঠে।
রিপোর্টারের নাম 

























