মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। জামায়াতের কোনো আমিরের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর ঘটনা এটিই প্রথম।
শ্রদ্ধা নিবেদনকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও সংসদ সদস্য আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও হান্নান মাসউদ এই কর্মসূচিতে অংশ নেন। জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের মধ্যে নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার আরমান এবং অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনও এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক শ্রদ্ধা নিবেদনের পর বিরোধীদলীয় নেতার নেতৃত্বে ১১ দলীয় জোটের প্রতিনিধিরা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল যে, বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে নবনির্বাচিত সংসদ সদস্যরা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। কর্মসূচির অংশ হিসেবে তারা ভাষা শহীদদের কবর জিয়ারত এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করবেন বলেও জানানো হয়।
রিপোর্টারের নাম 

























