রিয়াল মাদ্রিদের সোনালি অধ্যায় পেছনে ফেলে ব্রাজিলের হটসিটে বসেছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে সেলেসাওদের নতুন করে গুছিয়ে নেওয়ার মিশনে নেমেছেন তিনি। তবে কেবল আগামী বিশ্বকাপ নয়, লাতিন আমেরিকার এই ফুটবল পরাশক্তিদের সঙ্গে নিজের সম্পর্কটা আরও দীর্ঘায়িত করতে চান এই অভিজ্ঞ কোচ। সব ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে দেখা যেতে পারে তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানিয়েছেন, ব্রাজিল ফুটবল দলের সঙ্গে নতুন মেয়াদে চুক্তি করতে তিনি পুরোপুরি প্রস্তুত। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত থাকলেও, তিনি আরও চার বছর অর্থাৎ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নেইমার-ভিনিসিয়ুসদের কোচ হিসেবে থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ব্রাজিলের ফুটবল সংস্কৃতি এবং মানুষের ভালোবাসায় মুগ্ধ আনচেলত্তি ফুটবলারদের মানসিকতারও ভূয়সী প্রশংসা করেন।
টিভি অনুষ্ঠান ‘ইউনিভার্সো ভালদানো’-এর একটি প্রোমোতে আনচেলত্তি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, ব্রাজিলের কোচের দায়িত্ব পালন করে তিনি অত্যন্ত তৃপ্ত এবং এই চ্যালেঞ্জটি তিনি বেশ উপভোগ করছেন। সে কারণেই তিনি চার বছরের জন্য চুক্তি নবায়ন করতে আগ্রহী। ২০০২ সালে শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। আনচেলত্তির হাত ধরে দীর্ঘ ২৪ বছরের সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছে কোটি ভক্ত। যদিও বাছাইপর্বে দলটির পারফরম্যান্স এখনো প্রত্যাশা অনুযায়ী স্থিতিশীল নয়, তবে আনচেলত্তি নিজের পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা রাখছেন।
আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় ২০২৫ সালের মে মাসে নতুন যাত্রা শুরু করা ৬৬ বছর বয়সী এই কোচ এর আগে রিয়াল মাদ্রিদকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আসন্ন বিশ্বকাপে ব্রাজিল বরাবরের মতোই ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে আনচেলত্তি মনে করেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিংবা ইউরোপের পরাশক্তি স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো দলগুলোও শিরোপার দৌড়ে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।
এদিকে, সম্প্রতি বর্ণবাদের শিকার হওয়া ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। প্রিয় শিষ্য সম্পর্কে তিনি বলেন, মাঠে ভিনিসিয়ুসের আচরণে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। ব্রাজিলের ফুটবলারদের সহজাত বিনয় তাকে মুগ্ধ করেছে। আনচেলত্তির মতে, মানবিক দিক থেকে জাতীয় দলের ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুসের চেয়েও অনেক বেশি পরিণত ও অনন্য। মূলত এই ফুটবলারদের সাথে কাজ করার আনন্দই তাকে দীর্ঘ মেয়াদে ব্রাজিলে থেকে যাওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে।
রিপোর্টারের নাম 

























