ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে ক্রীড়াঙ্গনে বিতর্ক যেন থামছেই না। ভেন্যু পরিবর্তনের দাবি আদায় না হওয়ায় বিসিবির বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত এবং এই ইস্যুতে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে এবার সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসিফ নজরুলের বক্তব্যে ‘অসত্যের’ ছোঁয়া রয়েছে দাবি করে তিনি একজন শিক্ষকের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, আসিফ নজরুলের মতো একজন ব্যক্তিত্বের কাছ থেকে এমন বিভ্রান্তিকর বক্তব্য তিনি আশা করেননি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “উনি খাড়ার ওপর এমন মিথ্যা কথা বলবেন, তা আমি ভাবতেও পারছি না। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রতিনিধি হয়ে এভাবে মিথ্যা বলাটা আমাদের জন্য মেনে নেওয়া কঠিন। এখন আমি ছেলেদের সামনে কীভাবে মুখ দেখাব?”
বিতর্কের সূত্রপাত মূলত বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়ে ড. আসিফ নজরুলের পরস্পরবিরোধী বক্তব্যকে কেন্দ্র করে। শুরুতে তিনি জানিয়েছিলেন, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তটি ছিল সরকারের। তবে দায়িত্ব ছাড়ার প্রাক্কালে তিনি মন্তব্য করেন যে, এটি এককভাবে সরকারের সিদ্ধান্ত নয়, বরং বিসিবি ও ক্রিকেটাররা মিলেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন। সেখানে তিনি স্বীকার করেন যে, সংবাদ সম্মেলনে বিষয়টি বিস্তারিত বুঝিয়ে বলতে না পারায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে তিনি পুনরায় জানান, সিদ্ধান্তটি সরকার নিলেও তাতে বোর্ড ও ক্রিকেটারদের সম্মতি ছিল।
আসিফ নজরুলের এই অবস্থানের কড়া সমালোচনা করে সালাউদ্দিন ক্রিকেটারদের মানসিক বিপর্যয়ের বিষয়টি সামনে আনেন। তিনি জানান, বিশ্বকাপের মতো বড় আসর থেকে ছিটকে যাওয়ায় খেলোয়াড়রা মানসিকভাবে কতটা ভেঙে পড়েছিলেন। সালাউদ্দিনের ভাষায়, “আমার দুজন খেলোয়াড় তো মানসিকভাবে কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে তারা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। অদম্য কাপের মাধ্যমে তাদের মাঠে ফিরিয়ে আনাই ছিল আমার জীবনের বড় সাফল্য। একটি গোছানো দলকে মুহূর্তের সিদ্ধান্তে নষ্ট করে দেওয়া হয়েছে।”
জাতীয় দলের এই অভিজ্ঞ কোচ আরও বলেন, ক্রিকেটারদের পাশে দাঁড়ানোই ছিল তখন প্রধান কাজ। মাঠের কৌশলের চেয়ে তাদের মানসিকভাবে চাঙা করাকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন। সালাউদ্দিন আক্ষেপ করে বলেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সুবর্ণ সুযোগ ছিল। দল হিসেবে বাংলাদেশ বেশ গোছানো ছিল এবং কন্ডিশনও অনুকূলে ছিল। কিন্তু মাঠের বাইরের সিদ্ধান্তে সেই সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে বলে তিনি মনে করেন।
রিপোর্টারের নাম 

























