সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের আগেই সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হবে। প্রাথমিকভাবে দেশের আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু হচ্ছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লালমনিরহাটের গোকুণ্ডা বাজারে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এ তথ্য জানান। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটি তার নিজ জেলা লালমনিরহাটে প্রথম তিন দিনের রাষ্ট্রীয় সফর।
মন্ত্রী দুলু বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজের প্রতিশ্রুতি ছিল। মন্ত্রিসভায় ইতোমধ্যেই এ বিষয়ে চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করতে চাই। যারা প্রকৃত হতদরিদ্র, তাদের চিহ্নিত করার কাজ চলছে। পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বিষয়ে আলোকপাত করে আসাদুল হাবিব দুলু জানান, খাল খনন ও সংস্কারের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এছাড়াও, দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আসন্ন রমজান মাস ও ঈদ উৎসব প্রসঙ্গে মন্ত্রী বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইফতার ও সেহরির সময় যেন বিদ্যুতের কোনো ঘাটতি না থাকে এবং ঈদের সময় ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে বিষয়গুলো আমরা অগ্রাধিকার দিয়ে দেখছি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে স্বাধীন দুর্নীতি দমন কমিশন রয়েছে। কে মামলা খেলেন বা দুর্নীতি করলেন, এটি তাদের (দুদকের) দেখার বিষয়।
জনগণের সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, আমি যখন জনগণের জন্য কাজ করতে পারব, তখনই আমার ভালো লাগবে। আমরা মাত্র কাজ শুরু করলাম, দেখা যাক সামনে কী হয়। আগামী ২২ ফেব্রুয়ারি জেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানান মন্ত্রী।
রিপোর্টারের নাম 























