দেশের স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাকাত হোসেন বকুল। তিনি বলেছেন, মানুষকে আর ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তারই মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করবে। শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাসভবনে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রতিশ্রুতি। এ লক্ষ্য পূরণে স্বাস্থ্য খাতের সকল অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, সকলের প্রতি সরকারের সমান দায়বদ্ধতা রয়েছে। সকল প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে গিয়ে, রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য পরিহার করে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে সাথে নিয়ে একটি নতুন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নরসিংদীসহ দেশের যেখানে প্রয়োজন, সেখানেই নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। বিশেষ করে নরসিংদীর জন্য দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছা পোষণ করেছেন তিনি।
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ছিল নরসিংদী-৪ নির্বাচনী এলাকার নিজ বাড়িতে তার প্রথম আগমন। এ সময় এলাকার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে মন্ত্রীকে বরণ করে নেন।
রিপোর্টারের নাম 





















