টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই, তবে শেষটা রাঙাতে ভুল করেনি আফগানিস্তান। টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে রশিদ খানের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডাকে ৮২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সান্ত্বনার জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করল আফগানরা।
চেন্নাইয়ে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ইতিহাস গড়ে আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ২০০ রান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দলটির প্রথম দ্বিশতক ছোঁয়া ইনিংস। এই পাহাড়সম স্কোর গড়ার মূল কারিগর ছিলেন ওপেনার ইব্রাহিম জাদরান। ৫৬ বলে ৯৫ রানের এক অনবদ্য ও অপরাজিত ইনিংস খেলেন তিনি। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো আফগান ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। তাকে যোগ্য সঙ্গ দেন আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (৩০) এবং মিডল অর্ডারে নামা সেদিকউল্লাহ আতাল (৪৪)।
২০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে কানাডা। আফগান বোলারদের তোপে ৯ ওভারের মধ্যেই মাত্র ৪৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। গত ম্যাচের সেঞ্চুরিয়ান যুবরাজ সামরা এদিন মাত্র ১৭ রানেই প্যাভিলিয়নে ফেরেন। নিয়মিত বিরতিতে উইকেট হারানো কানাডা শেষ পর্যন্ত ২০ ওভার খেললেও ৮ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি তুলতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন হর্শ ঠাকার।
বল হাতে এদিন জাদুকরী পারফরম্যান্স দেখিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। মাত্র ৪ ওভার বোলিং করে ৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি, যা তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। অধিনায়ক রশিদ খান ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। দাপুটে এই জয়ে টানা দুই ম্যাচ জিতে মাঠ ছাড়লেও টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যেতে না পারার আক্ষেপ নিয়েই ফিরতে হচ্ছে আফগানিস্তানকে।
রিপোর্টারের নাম 

























