গণভোট অনুষ্ঠিত না হলে আসন্ন নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম সরকারি দল বিএনপিকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করার আহ্বান জানান। তিনি বলেন, “সংসদের অধিবেশন আহ্বান করা হোক এবং তার আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমরা শপথ গ্রহণ করতে প্রস্তুত।”
গত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও ফলাফলে কারচুপির অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই ফলাফল মেনে নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলাম।”
বিএনপি দেশের জনগণের সাথে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করার জন্য আমরা (এনসিপি) শপথ গ্রহণ করেছি। কিন্তু সরকারি দল (বিএনপি) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের প্রথম দিনই শপথ না নিয়ে বাংলাদেশের জনগণ এবং সংস্কারের পক্ষের মানুষদের সাথে এক ধরনের প্রতারণা করেছে।”
রিপোর্টারের নাম 

























