পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের মুখে ইফতারের আনন্দ পৌঁছে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। নামমাত্র এক টাকা মূল্যে ইফতার সামগ্রী বিতরণের এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দলটি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি কলেজের প্রধান ফটকের সামনে বসছে ‘এক টাকার ইফতার’ স্টল। সেখানে কলা, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, শসা-গাজরসহ প্রায় ১২ থেকে ১৫ ধরনের ইফতার সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এই স্বল্পমূল্যের ইফতার সংগ্রহ করতে নিম্ন আয়ের ও কর্মজীবী মানুষের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
উপকারভোগীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের মাস্টারপাড়া এলাকার রিকশাচালক আতিকুর রহমান জানান, সারাদিন রিকশা চালিয়ে তার আয় ২০০ টাকার বেশি হয় না। এই সামান্য আয়ে পরিবারের জন্য ইফতার কেনা তার জন্য কঠিন হয়ে পড়ে। কিন্তু এক টাকায় এত রকমের ইফতার পেয়ে তিনি আনন্দিত। তিনি বলেন, “এক টাকায় অন্তত ১৫ রকমের খাবার পেলাম। এটি আমাদের মতো গরিব মানুষের জন্য বড় সহায়তা।”
জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম এই মানবিক কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, “সমাজের ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন— সেই লক্ষ্যেই এই আয়োজন। রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য।”
স্থানীয় সুশীল সমাজও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে, এই ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, গত বছরের প্রথম রোজা থেকে শেষ রমজান পর্যন্ত এই এক টাকার ইফতার বিতরণ কার্যক্রম চালু ছিল। সেই সময়ও জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আতিক হাসান মুক্তা, যুগ্ম আহ্বায়ক সোহেন রানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























