পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর চকবাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি ও নুসরাত জাহান এথিনার নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন মসলার দোকানে বাজার মনিটরিংয়ের পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর জোর দেওয়া হয়। এই সময় বেশ কয়েকটি দোকানে পণ্য ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করা, ক্রেতাদের রশিদ প্রদান না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী এসব অভিযোগে দুটি মসলার দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে, বেশ কয়েকটি দোকানকে সতর্কবার্তা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রমজান মাসে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও কঠোরভাবে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























