নওগাঁ শহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন এবং স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। ভোরের আলো ফোটার আগেই সংঘটিত এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার ভোরে শহরের সরিষাটি মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়। তারা সেখানে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন স্লোগান দেন। ঘটনা শেষে তারা পতাকাগুলো রেখেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরও পাঁচজন নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।
খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাতীয় ও দলীয় পতাকা দুটি জব্দ করে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক এ প্রসঙ্গে বলেন, “ভোরের আলো ফোটার আগে যখন রাস্তাঘাট ফাঁকা ছিল, সেই সুযোগে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা টানিয়ে রেখে যায়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পতাকাগুলো জব্দ করেছি।” এই ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 























