জামালপুরে এক কলেজছাত্রীকে জোরপূর্বক অপহরণের দায়ে আপেল মিয়া (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আপেল মিয়া মেলান্দহ উপজেলার বেল তৈল গ্রামের আরজু মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৭ মার্চ জামালপুর জেলা শহরের জাহেদা শফি মহিলা কলেজের এক ১৬ বছর বয়সী ছাত্রী কলেজে যাওয়ার পথে অপহৃত হন। আপেল মিয়া ও তার সহযোগীরা জোরপূর্বক ওই ছাত্রীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 






















