গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বাক্ষর করেছে। সনদটি স্বাক্ষরের চার মাস পর সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন দলের পক্ষে এই সনদে সই করেন। এই স্বাক্ষরের মধ্য দিয়ে জাতির বিশ্বাস পূর্ণতা পেলো এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এনসিপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মূসা, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন ও জাবেদ রাসিন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল। আজ সেই বিশ্বাস পূর্ণতা পেলো, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো। এই মহতী কাজে অংশগ্রহণের জন্য এনসিপিকে ধন্যবাদ।” তিনি আরও বলেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে প্রতিটি পদক্ষেপে সহায়ক হয়, তার জন্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে। প্রধান উপদেষ্টা আগামীকালের নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা উল্লেখ করে সবার সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানান।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একই সঙ্গে দুটো শপথ গ্রহণ করতে যাচ্ছি।” তিনি দেশের মানুষের আস্থার প্রতিদান দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “জুলাই সনদে সবার শেষে স্বাক্ষর করলেও, এই সনদ বাস্তবায়নের জন্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।”
রিপোর্টারের নাম 

























