ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টোয়েন্টিতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট শিকারের অবিস্মরণীয় কীর্তি গড়েছেন তিনি। তার এই ঐতিহাসিক রেকর্ডের দিনে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে পরাজিত করে জয় তুলে নিয়েছে আফগানিস্তান।
দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে মুহাম্মদ আরফানকে হিট আউট করে এই ঐতিহাসিক কীর্তি গড়েন রশিদ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সেরা ছন্দে না থাকলেও, আরব আমিরাতের বিপক্ষে ২৪ রান খরচায় একটি উইকেট শিকার করেই তিনি এই অনন্য রেকর্ডের মালিক হন। ৭০০ উইকেট শিকার করতে রশিদ খান মোট ৪৩২ জন ভিন্ন ভিন্ন ব্যাটারকে আউট করেছেন। নির্দিষ্ট কোনো ব্যাটারকে সবচেয়ে বেশিবার আউট করার ক্ষেত্রে যৌথভাবে শীর্ষে আছেন জিম্বাবুয়ের রায়ান বার্ল এবং ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার, যাদের প্রত্যেককে আটবার করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন এই আফগান তারকা। এছাড়া তিনটি ভিন্ন দেশে ১০০টির বেশি উইকেট শিকারের রেকর্ডও রয়েছে তার নামের পাশে।
রশিদের রেকর্ড গড়ার দিনে প্রথমে ব্যাট করে সংযুক্ত আরব আমিরাত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে। শুরুতেই ১৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও, আলিশান শারাফু ও শোয়েব খানের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। তৃতীয় উইকেট জুটিতে এই দুজন ৮৪ রানের মূল্যবান জুটি গড়েন। শারাফু ৪০ রান করে ফিরলে ভাঙে এই জুটি, এরপর শোয়েব খান দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন। তবে তাদের বিদায়ের পর আর কোনো ব্যাটার বড় স্কোর করতে না পারায় ১৬০ রানেই থেমে যায় আমিরাতের ইনিংস। আফগানিস্তানের পক্ষে আজমতউল্লাহ ওমরজাই ১৫ রান খরচায় ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন।
জবাবে ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তানও শুরুতেই হোঁচট খায়। দলীয় রানের খাতা খোলার আগেই উইকেট হারান রহমানউল্লাহ গুরবাজ। তবে এরপর ইব্রাহিম জাদরান একাই দলের হাল ধরেন। ৪১ বলে ৫৩ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলে তিনি আফগানিস্তানকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেন। শেষদিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের ২১ বলে ৪০ রানের এক টর্নেডো ইনিংস এবং দারউইশ রাসুলির ২৩ বলে ৩৩ রানের কার্যকরী অবদানে ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে আফগানিস্তান। আমিরাতের পক্ষে জুনায়েদ সিদ্দিকী ও মুহাম্মদ আরফান দুটি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোর:
সংযুক্ত আরব আমিরাত : ১৬০/৯, ২০ ওভার (শোয়েব ৬৮, আলিশান ৪০, ওমরজাই ৪/১৫)
আফগানিস্তান : ১৬২/৫, ১৯.২ ওভার (ইব্রাহিম ৫৩, ওমরজাই ৪০, জুনায়েদ ২/৩৩)
ফলাফল : আফগানিস্তান ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : আজমতউল্লাহ ওমরজাই।
রিপোর্টারের নাম 























