সকল জল্পনা-কল্পনা ও রাজনৈতিক হিসাব-নিকাশকে পেছনে ফেলে বরিশাল বিভাগের ছয়টি সংসদীয় আসনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। গত বৃহস্পতিবার গভীর রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন আনুষ্ঠানিকভাবে এই ছয় আসনের ফলাফল ঘোষণা করেন। এই বিজয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। দলটির নেতারা এই বিজয়কে গণতন্ত্র ও জনগণের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন এক লাখ ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. কামরুল ইসলাম খান ৪৬ হাজার ২৬৩ ভোট পেয়েছেন। জহির উদ্দিন স্বপন ৫৪ হাজার ২৮৯ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। এই আসনে মোট ভোটের হার ছিল ৬১.১১ শতাংশ।
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এক লাখ ৪১ হাজার ৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল মন্নান ৭৪ হাজার ৮২ ভোট পেয়েছেন। সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ৬৭ হাজার ৫৪০ ভোটের ব্যবধানে জয়ী হন।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবার দুই হেভিওয়েট প্রার্থী জয়নুল আবেদীন ও বেগম সেলিমা রহমানের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ থাকলেও শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। জয়নুল আবেদীন ১৮ হাজার ৭৩৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই বিএনপির প্রার্থী মো. রাজিব আহসান এক লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে জয় ছিনিয়ে নিয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল জব্বার ৭৪ হাজার ৬৮৪ ভোট পেয়েছেন। রাজিব আহসান ৫৩ হাজার ৬৩৮ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বরিশাল-৫ (সদর ও মহানগর) জেলার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিত। এই আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এক লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৫ হাজার ৪৪ ভোট এবং বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী পেয়েছেন ২২ হাজার ৪৮৬ ভোট। সরোয়ার ৪০ হাজার ১০২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মাহমুদুন্নবী ৫৫ হাজার ৯৮৮ ভোট পেয়েছেন। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ২৯ হাজার ১৪৬ ভোট পেয়েছেন। আবুল হোসেন খান ২৬ হাজার ২২৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন বলেন, ছয়টি আসন থেকে ফলাফল সংগ্রহ ও চূড়ান্ত বার্তা প্রস্তুত করতে সময় লেগেছে। তিনি আরও জানান, সবার সহযোগিতায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন এই বিজয়কে জনগণের গণতন্ত্রের প্রতি আস্থার বড় বিজয় হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই অঞ্চলের জনগণ আবারও প্রমাণ করেছে যে এটি বিএনপির ঘাঁটি।
রিপোর্টারের নাম 























