বাংলাদেশের সাধারণ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয় দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের সংবাদমাধ্যমগুলোতে এই বিজয় এবং পরবর্তী দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপ্রকৃতি নিয়ে চলছে ব্যাপক বিশ্লেষণ। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বিএনপির এই জয়কে ভারতের জন্য যেমন স্বস্তির বলে বর্ণনা করা হচ্ছে, তেমনি আগামীর চ্যালেঞ্জগুলো নিয়েও করা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ।
ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর মতে, শেখ হাসিনা সরকার পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে যে স্থবিরতা বা টানাপোড়েন তৈরি হয়েছিল, তারেক রহমানের বিজয়ে তা কাটিয়ে ওঠার একটি সুযোগ তৈরি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফলাফল ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন, যাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এটি প্রমাণ করে যে দিল্লির কাছে তারেক রহমান এখন এক অনিবার্য এবং গ্রহণযোগ্য নেতৃত্ব।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণে খালেদা জিয়ার শাসনামলের ভারতনীতি এবং বর্তমান প্রেক্ষাপটের তুলনা করা হয়েছে। অতীতে বিএনপির শাসনামলে ভারতের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ ছিল, তারেক রহমান সেই অবস্থান থেকে সরে আসবেন কি না—সেটাই এখন দিল্লির প্রধান কৌতূহল। তবে অনেক গণমাধ্যমই উল্লেখ করেছে যে, জামায়াতে ইসলামীর মতো কট্টরপন্থি শক্তির তুলনায় তারেক রহমানকে অনেক বেশি ‘উদারপন্থি’ এবং ‘বাস্তববাদী’ হিসেবে বিবেচনা করছে ভারত। বিশেষ করে পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা ছাড়া ভারতের সামনে এখন বড় কোনো বিকল্প নেই।
সংখ্যালঘু ইস্যু এবং সীমান্ত নিরাপত্তার বিষয়টিও ভারতীয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারত তার উদ্বেগের কথা নতুন সরকারের কাছে তুলে ধরবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও আসামের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটে অনুপ্রবেশ এবং সীমান্ত স্থিতিশীলতার বিষয়টিও দিল্লির জন্য অত্যন্ত সংবেদনশীল।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে এনডিটিভি ও ইন্ডিয়া টুডের মতো সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত দেড় বছরে বাংলাদেশে চীন ও পাকিস্তানের প্রভাব যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে তারেক রহমান ভারতের স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল থাকার যে বার্তা দিয়েছেন, তাকে ইতিবাচক হিসেবে দেখছে দিল্লি। বিশ্লেষকদের ধারণা, তারেক রহমান তার মায়ের হার্ডলাইন নীতি থেকে সরে এসে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবেন।
অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকেও এই বিজয়কে গুরুত্বপূর্ণ মনে করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। নিউজ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে দুদেশের ব্যবসা-বাণিজ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তারেক রহমানের নেতৃত্বে তা দূর হতে পারে। ভারতের রপ্তানি বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বিনিয়োগের ক্ষেত্রে নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা করছে দেশটি।
সামগ্রিকভাবে, ভারতীয় মিডিয়ার ভাষ্য অনুযায়ী—তারেক রহমানের বিজয় ভারতের জন্য এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। যদিও অতীতের কিছু অমীমাংসিত ইস্যু এবং নিরাপত্তা উদ্বেগ রয়ে গেছে, তবুও পরিবর্তিত পরিস্থিতিতে দিল্লির নীতি নির্ধারকরা তারেক রহমানের সঙ্গে একটি শক্তিশালী ও আস্থাশীল সম্পর্ক গড়ে তুলতেই বেশি আগ্রহী। এখন দেখার বিষয়, তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার বেইজিং ও ইসলামাবাদের প্রভাব সামলে দিল্লির সঙ্গে সম্পর্কের ভারসাম্য কীভাবে বজায় রাখে।
রিপোর্টারের নাম 






















