লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে হাতীবান্ধা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ৭১ নম্বর কমিউটার ট্রেনটি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি হাতীবান্ধা এলাকা অতিক্রম করার সময় ইঞ্জিনে হঠাৎ আগুন দেখতে পায় রেললাইনের পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের চিৎকার শুনে ট্রেন কর্তৃপক্ষ দ্রুত গতি কমিয়ে ট্রেনটি থামিয়ে দেয়। এরপর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনের ইঞ্জিনে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
রিপোর্টারের নাম 





















