নড়াইল সদর উপজেলায় নির্বাচন-পরবর্তী রাজনৈতিক বিরোধের জেরে বিএনপির মূল পক্ষ ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তুলারামপুর এলাকায় সংঘটিত এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তুলারামপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থকরা একটি মহড়া বের করেন। মিছিলটি স্থানীয় গাবতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি (২৬) নামে এক যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা নড়াইল সদর হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল জোরদার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 
























