ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম ইকবাল হোসেইন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৭৪ হাজার ৪৭৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আহমেদ তায়েবুর রহমানকে পরাজিত করেন। ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহমেদ তায়েবুর রহমান পেয়েছেন ৬৫ হাজার ৫১৩ ভোট।
গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে গৌরীপুর আসনে দিনভর শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। যদিও বিচ্ছিন্ন দু-একটি অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে, তবে তা সার্বিক ভোটগ্রহণে কোনো প্রভাব ফেলেনি।
এদিকে, শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বিকেলে গৌরীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিলের প্রস্তুতি থাকলেও, কেন্দ্রীয় নির্দেশনার কারণে তা স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে স্থানীয় মসজিদ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় বিএনপি।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-৩ আসনে মোট ভোটার ছিল ২ লাখ ৯৫ হাজার ৬৬১ জন, যার মধ্যে একজন তৃতীয় লিঙ্গের ভোটারও অন্তর্ভুক্ত ছিলেন। এ আসনে মোট ১ লাখ ৭২ হাজার ৮৪৭টি ভোট প্রয়োগ করা হয়েছে, যা মোট ভোটারের ৫৮ দশমিক ৪৬ শতাংশ। প্রদত্ত ভোটের মধ্যে ১ লাখ ৬৮ হাজার ২৪৬টি ভোট বৈধ বলে গণ্য হয়েছে। বাকি ৪ হাজার ৬০১টি ভোট বাতিল করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















