নওগাঁর ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী জয়লাভ করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিটি আসনের বিস্তারিত ফলাফল নিম্নরূপ:
নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর): এই আসনে ১৬৬টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা. মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট।
নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা): এই আসনে জয় পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. এনামুল হক। ১২৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।
নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর): ১২৪টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মো. ফজলে হুদা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট।
নওগাঁ-৪ (মান্দা): এই আসনে ১১৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইকরামুল বারী টিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৮১৪ ভোট।
নওগাঁ-৫ (নওগাঁ সদর): ১১৮টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের জাহিদুল ইসলাম ধলু ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাদাত মো. সায়েম ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর): এই আসনে ১১৫টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে জয়লাভ করেছেন শেখ মো. রেজাউল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬ ভোট।
রিপোর্টারের নাম 
























