ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে একচেটিয়া জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটেও ‘হ্যাঁ’র পক্ষে রায় দিয়েছেন ভোটাররা। বৃহস্পতিবার গভীর রাতে ভোট গণনা শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম এবং প্রাপ্ত ভোটের বিস্তারিত তথ্য জানান। এসময় বিভিন্ন প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দীন আহমেদ ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আমিনুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৩ হাজার ১৩ ভোট। এই আসনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ৪৬৯ ভোট এবং ‘না’র পক্ষে ৭৯ হাজার ৫২৭ ভোট পড়ে।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মো. শওকতুল ইসলাম (ধানের শীষ) ৬৮ হাজার ৩৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. সায়েদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ৮৩ হাজার ৯৩০ ভোট এবং ‘না’ ৬৭ হাজার ৯৩৫ ভোট পেয়েছে।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি প্রার্থী এম নাসের রহমান ১ লাখ ৫৬ হাজার ৭৫৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান পেয়েছেন ৭৭ হাজার ৬৩৬ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ৩৩ হাজার ৯১৬ ভোট এবং ‘না’র পক্ষে ৭৮ হাজার ৬৭১ ভোট পড়েছে।
সর্বশেষ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মো. মুজিবুর রহমান চৌধুরী (ধানের শীষ) ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ২৭ হাজার ৪২৮ ভোট এবং ‘না’র পক্ষে ১ লাখ ৭ হাজার ৬৩৩ ভোট পড়েছে।
রিপোর্টারের নাম 























