কলম্বোতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের রাজি হওয়ার খবরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। এ সিদ্ধান্তের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে ও পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ।
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) উচ্ছ্বাস প্রকাশ করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে লিখেছেন, “খুবই আনন্দ লাগছে যে, কলম্বোতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত সময়ে হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ধন্যবাদ।”
একইভাবে, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, “শ্রীলঙ্কার অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তান সরকার ও পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সহযোগিতার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও দেশটির ক্রীড়া কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই। এটি কেবল ক্রীড়াসুলভ মানসিকতা নয়, বরং আমাদের দুই দেশের বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার এক উজ্জ্বল প্রতিফলন।”
এর আগে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করা নিয়ে পাকিস্তান সরকার একটি বিবৃতি দেয়। এতে বলা হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য সদস্য দেশগুলোর সমর্থনমূলক বার্তা পাকিস্তান সরকার পর্যালোচনা করেছে। এই পত্রালাপগুলোতে সাম্প্রতিক চ্যালেঞ্জগুলোর একটি কার্যকর সমাধান নিশ্চিত করার জন্য পাকিস্তানের নেতৃত্বের প্রতি প্রত্যাশা ব্যক্ত করা হয়েছিল। এই সার্বিক বিষয় বিবেচনা করেই পাকিস্তান সরকার তাদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে।
রিপোর্টারের নাম 
























