ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে দুর্বৃত্তরা এ হামলা চালিয়ে কার্যালয় ও গোডাউন পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রতিদিনের মতো নির্বাচনী কার্যক্রম শেষে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা কার্যালয়টিতে তালা দিয়ে চলে যান। মঙ্গলবার ফজরের নামাজের সময় আশপাশের লোকজন চিৎকারের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে কার্যালয়টিতে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কার্যালয়ের সব মালপত্র ভস্মীভূত হয়ে যায়।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক অভিযোগ করে বলেন, গত কয়েকদিন ধরে তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। তিনি বলেন, “কয়েক দিন আগে আমার এক কর্মীর ওপর হামলা চালিয়ে রক্ত ঝরানো হয়েছে। এছাড়া আমাদের বোনদের দাওয়াতি কাজে বাধা দিয়ে অপমান-অপদস্থ করা হয়েছে।” তিনি আরও প্রশ্ন তোলেন, “নির্বাচনকে এত ভয় কেন? ভোট জনগণের অধিকার। জনগণ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন। অফিস পুড়িয়ে দিয়ে কি জনগণের রায় পরিবর্তন করা যাবে?”
ড. ফয়জুল হক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্বাচনের আগেই জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।”
এদিকে, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 
























