কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এক নির্বাচনি পথসভায় ভোটারদের উদ্দেশ্যে চরম উসকানিমূলক ও বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর যদি কেউ অন্য কোনো দলকে ভোট দেওয়ার প্রমাণ পাওয়া যায়, তবে তাদের ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। গত মঙ্গলবার রাতে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে আয়োজিত এক সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
পথসভায় দেওয়া বক্তব্যে মঞ্জুরুল আহসান মুন্সি সরাসরি ভোটারদের লক্ষ্য করে বলেন, “যদি বিএনপি ক্ষমতায় আসে আর আপনারা অন্য দলকে ভোট দেন, তাহলে আমি আপনাদের ছাড়ব না। ঘরবাড়ি সব পুড়িয়ে ছারখার করে দেব।” নিজের বক্তব্যের কঠোরতা বোঝাতে তিনি আরও বলেন, “আপনারা ভাববেন না আমি ভয় দেখাচ্ছি। প্রয়োজনে আপনারা আমার এই কথা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই।”
মনোনয়ন বাতিল হওয়া এই বিএনপি নেতা তার বক্তব্যে দাবি করেন, অতীতে তিনি কখনো ভোটারদের কাছে অপমানিত হননি এবং সবসময় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তবে এবার যদি তিনি কোনোভাবে অপমানিত বোধ করেন, তবে তার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন তিনি। সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেন, “আমাকে খারাপ হতে বাধ্য করবেন না। আমি যদি খারাপ হই, তবে খারাপের শেষ সীমানায় চলে যাব।”
বক্তব্যের একপর্যায়ে মঞ্জুরুল আহসান মুন্সি আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে বলে জোরালো আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, অতীতে তিনি কখনো কারও বিরুদ্ধে মামলা বা কোনো নেতিবাচক পদক্ষেপ নেননি।
বিএনপি নেতা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই পথসভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, স্থানীয় বিএনপি নেতা সাজু চেয়ারম্যানসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
একজন রাজনৈতিক নেতার এমন প্রকাশ্য হুমকিতে স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 























