আসন্ন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে শেষ মুহূর্তে নাটকীয় মোড় নিয়েছে। বাংলাদেশ লেবার পার্টির ‘আনারস’ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী শেখ রবিউল আলম রবিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই ঘোষণা দেন, যেখানে তিনি লেবার পার্টির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করার কথাও জানান।
ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র চার দলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্যভুক্ত সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ তার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের পর সমর্থকদের সিদ্ধান্তে তিনি নির্বাচনে অংশ নেন। তবে তার সংগঠন সোস্যাল ডেমোক্রেটিক পার্টির নিবন্ধন না থাকায় এবং নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে তিনি বাংলাদেশ লেবার পার্টির প্রাথমিক সদস্য হয়ে ‘আনারস’ প্রতীকে প্রার্থী হয়েছিলেন।
নিজের প্রার্থিতা প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করে আজাদ বলেন, বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। স্বৈরাচারের পতন হলেও দেশের সংকট এখনো কাটেনি। তিনি মনে করেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্বকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক জঙ্গি অপশক্তি একাত্তরকে প্রশ্নবিদ্ধ করার যে আস্ফালন দেখাচ্ছে, তার নিন্দা জানান তিনি।
আবুল কালাম আজাদ আরও স্পষ্ট করেন, যেহেতু লেবার পার্টির অবস্থান জামায়াতের পক্ষে, তাই তিনি লেবার পার্টির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক জঙ্গি অপশক্তিকে রুখে দিয়ে সুশাসন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি হিসেবে বিএনপির কোনো বিকল্প নেই।
তাই, ঢাকা-১০ আসনের কেন্দ্রভিত্তিক নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তার আহ্বান, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে শেখ রবিউল আলম রবির জয় নিশ্চিত করতে সবাই যেন দৃঢ় অবস্থান গ্রহণ করেন।
রিপোর্টারের নাম 
























