ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণার পর বিষয়টি খতিয়ে দেখছে জাতিসংঘের জাহাজ চলাচল বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)। শুক্রবার এক বিবৃতিতে সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ জানান, আন্তর্জাতিক এই জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল এবং নির্ধারিত ট্রাফিক সেপারেশন স্কিম (টিএসএস) মেনে চলা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিবৃতিতে আইএমও প্রধান জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশেরই এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করার এখতিয়ার নেই। সম্প্রতি তেহরান জানিয়েছিল, লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। এই ঘোষণার পর বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম প্রধান রুটটি সচল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি।
বর্তমানে পারস্য উপসাগরে প্রায় ২০ হাজার নাবিক আটকে আছেন। তাদের নিরাপদ প্রত্যাবাসন এবং মানবিক করিডোর নিশ্চিত করা আইএমও-র কাছে এখন বড় অগ্রাধিকার। পরিস্থিতি স্বাভাবিক করতে আইএমও সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক কূটনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে এই রুটটি দ্রুত সচল হওয়া প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।
রিপোর্টারের নাম 























