সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের ব্যক্তিগত পরিচারিকা ও ছায়াসঙ্গী ফাতেমা বেগমের ভাতিজি সীমা (৩২) বর্তমানে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। প্রসব-পরবর্তী জটিলতায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। শুক্রবার বিকেলে অসুস্থ এই রোগীকে দেখতে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি সন্তান জন্ম দেন সীমা। এরপরই মা ও নবজাতক উভয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য নবজাতককে ঢাকার শ্যামলী শিশু হাসপাতালে এবং সীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় দ্রুত একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দায়িত্বরত চিকিৎসকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদানের আহ্বান জানান। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















