আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। এরই অংশ হিসেবে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার ভোটারদের প্রতি এক ব্যতিক্রমী আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন প্রক্রিয়ায় যদি কেউ অর্থের বিনিময়ে ভোট কেনার অপচেষ্টা চালায়, তবে সাধারণ মানুষকে তা প্রতিহত করতে হবে এবং এমন ব্যক্তিদের ধরে রাখতে হবে।
সোমবার রাতে শিবচরের হাতির বাগান মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নাদিরা আক্তার এসব কথা বলেন। তিনি আরও বলেন, দল তার রাজনৈতিক কর্মকাণ্ড ও যোগ্যতার ভিত্তিতেই তাকে মনোনয়ন দিয়েছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, সৎ ও যোগ্য ব্যক্তিরা যদি নিষ্ঠার সাথে কাজ করেন, তবে তাদের প্রচেষ্টা কখনো বিফলে যায় না।
জনসভার দিন বিকেল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সন্ধ্যার আগেই পুরো এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।
বিএনপি প্রার্থী তাঁর বক্তব্যে ভোটারদের নিজ নিজ বাড়ি পাহাড়া দেওয়ার উপর জোর দেন। তিনি বলেন, “যদি কেউ টাকা দিয়ে আপনাদের ভোট কিনতে আসে, তবে তাকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দেবেন। ভোট কোনো টাকার বিনিময়ে কেনা-বেচার জিনিস নয়। যদি টাকা দিয়েই ভোট কেনা যেত, তবে আমার মতো সাধারণ কেউ মনোনয়ন পেত না; অন্য কেউ হয়তো সেই সুযোগ নিতো।” তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।
এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান মিয়া, শিবচর উপজেলা সদস্য আবুল বাশার সিদ্দিকী, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান এবং সদস্য সচিব আজহুল হুদা সেলিম সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
—
রিপোর্টারের নাম 

























