আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি) আসনে নিজেদের প্রার্থীর পক্ষে শক্তি প্রদর্শন করলো ১১ দলীয় জোট। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে দাউদকান্দি পৌর সদরে জোট মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের সমর্থনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী।
নির্বাচনী হাওয়ায় মুখরিত হয়ে ওঠে দাউদকান্দি পৌর সদর। বিকেল ৪ ঘটিকায় দাউদকান্দি উপজেলা পৌর সদরের মডেল মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিলটির নেতৃত্ব দেন জোট মনোনীত প্রার্থী ও জামায়াত নেতা মনিরুজ্জামান বাহলুল। এতে জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা অংশ নেন। জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় অঙ্গসংগঠনের প্রায় পাঁচ থেকে সাত হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণমিছিলটি জনসমুদ্রে পরিণত হয়, যা আসন্ন নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করে।
পরবর্তীতে মিছিলটি স্থানীয় বাজার শহীদ রিফাত শিশুপার্কে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। সমাবেশে বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান বাহলুল বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দাউদকান্দিকে একটি উন্নত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আমরা জনগণের মূল্যবান রায় প্রত্যাশা করছি।”
সমাবেশ শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
রিপোর্টারের নাম 

























