আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলায় এক ব্যতিক্রমী নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ মনোনীত এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে প্রধান বিরোধী দল বিএনপির প্রার্থীর পক্ষে এই বিশাল মিছিল বের হয়। সোমবার রাতে বাগাট বাজার এলাকায় এই ঘটনা স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, উপজেলার বাগাট বাজারে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থনে এই মিছিল বের হয়। বাগাট ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নেতা মো. মতিয়ার রহমান খানের নেতৃত্বে কয়েক হাজার কর্মী-সমর্থক এতে অংশ নেন।
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানের এই মিছিলে বাগাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীও যোগ দেন। ফলে মিছিলটি দ্রুতই এক গণমিছিলে রূপ নেয়। বাগাট বাজার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন অলিগলি ঘুরে নওপাড়া সড়কের অনাথের মোড়ে এসে এর সমাপ্তি ঘটে।
মিছিল শুরুর আগে কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন চেয়ারম্যান মতিয়ার রহমান খান। তিনি বলেন, “আগামী ১২ তারিখের নির্বাচনে আমি স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন দিয়েছি।” এ সময় অন্যদের মধ্যে বাগাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম ফকির, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল হাসান টিপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মুন্সী আখতারুজ্জামানসহ আওয়ামী লীগ, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























