ফেনী-২ আসনের ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জেলার পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে ‘ঈগল মিট ব্রিলিয়ান্স’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেন। এ সময় তিনি দেশের বিদ্যমান বিভাজনমুক্ত সমাজ গঠন, কিশোর গ্যাং দমন এবং ফেনীর উন্নয়নে সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন।
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ ফেনী’ এর আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইসরাফিল রনির সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে অধ্যয়নরত ফেনী সদরের স্থায়ী বাসিন্দা এবং গ্রাজুয়েটরা এতে উপস্থিত ছিলেন। মজিবুর রহমান মঞ্জু ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াত নেতা আনম আব্দুর রহিম, অধ্যাপক এবিএম নুরুল আবসার, মেসবাহ উদ্দিন সাঈদ এবং ডা: ইসমাইল হোসেন।
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে মজিবুর রহমান মঞ্জু বলেন, দলাদলী ও বিভাজন দীর্ঘদিন ধরে আমাদের সমাজে চলে আসছে। এই অবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে তার নেতৃত্বাধীন ১১ দলীয় সরকার কাজ করবে। তিনি নামাজ, ওয়াজ মাহফিল ও নৃত্যকে শত বছরের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে বলেন, দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য বাংলাদেশকে নিরাপদ করা হবে।
কিশোর গ্যাং সমস্যাকে একটি দেশব্যাপী চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এসব গ্যাংয়ের সঙ্গে জড়িতদের মা-বাবাকে উদ্বুদ্ধ করা হবে, তাদের তথ্য সংগ্রহ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। মঞ্জু আরও বলেন, দেশের আমলাতন্ত্র, অর্থনীতি ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করা হবে। প্রবাসীদের সুবিধার্থে ফেনীতে একটি বিমানবন্দর এবং তাদের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার অঙ্গীকার করেন তিনি। যুব সমাজের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে ‘ইয়ুথ পার্লামেন্ট’ গঠনের ঘোষণাও দেন তিনি।
তিনি জানান, ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে এবং দেশের সামগ্রিক সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করবে।
রিপোর্টারের নাম 























